নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামাজিক সুরক্ষার আওতায় হতদদ্রি মানুষদেও ভাতা কার্যক্রম চালু করে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। কিন্তু ইউনূস সরকার ভাতার তালিকা সংশোধনের নামে তালিকার কার্যক্রম আটকে রেখেছে। তালিকা সংশোধনের এই কার্যক্রম আটকে আছে চিঠি চালাচালিতে। এতে বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র মানুষজন।
অন্তবর্তী সরকার তালিকা হালনাগাদের ঘোষণা দেওয়ার সাত মাস পেরিয়ে গেলেও কাজটি এখনও শুরুই করতে পারেনি তারা।
জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সরকারের কাছে দেওয়া এক প্রতিবেদনে দাবি করেছিল, সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের ৪৩ শতাংশ তালিকায় অনুপযুক্ত। ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকার সরকারের পক্ষ থেকে তালিকা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ইউনূস সরকার ক্ষমতা নিয়ে সেটা বন্ধ করে দেয়।
সমাজসেবা অধিদপ্তর জানায়, মাঠ পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ ও প্রায় ১ কোটি ২৩ লাখ উপকারভোগীর তথ্য যাচাইয়ের কাজ এখনও সম্পন্ন হয়নি। বয়স ও আয়সহ অন্তত ১০টি তথ্য যাচাই না হওয়ায় তালিকা সংশোধনে আরও অন্তত তিন মাস সময় লাগবে।
তালিকা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় গাইডলাইনই এখনও চূড়ান্ত হয়নি বলে জানান অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেন। ফলে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই বছরের মধ্যেই কাজটি শেষ হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের সাবেক শীর্ষ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে সৎ ইচ্ছা থাকলে তিন মাসে তালিকা যাচাই করা সম্ভব।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউনূস সরকার যদি কাজটি শেষ করতে না পারে, তবে স্থায়ী রাজনৈতিক সরকার হয়তো এটি করবেই না।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণেই প্রক্রিয়াটি থেমে আছে। অযোগ্যদের বাদ দেওয়া সহজ হলেও নতুন উপকারভোগী অন্তর্ভুক্তিতে সময় লাগতে পারে। তবে স্থানীয় নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করলে এখনো যথেষ্ট অগ্রগতি সম্ভব হতো।
ভাতা কর্মসূচির পরিসংখ্যান
বর্তমানে ২৬টি মন্ত্রণালয়ের অধীনে ১৪০টি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় রয়েছে ২৭ ধরনের ভাতা। এর মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ৬০ লাখ (প্রতি মাসে ৬০০ টাকা), বিধবা ২৮ লাখ (৫৫০ টাকা), প্রতিবন্ধী ৩২ লাখ (৮৫০ টাকা), হিজড়া জনগোষ্ঠী ১৩ লাখ (৬০০ টাকা), বেদে ৬ হাজার ও অনগ্রসর জনগোষ্ঠীর ৬০ হাজার জন (প্রত্যেকে ৫০০ টাকা)। এসব ভাতা সাধারণত তিন মাস পরপর দেওয়া হয়।
