নিজস্ব প্রতিবেদক
অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আজ ৩রা মে, শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা চাই, দেশের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। কেউ যেন ভোট দিতে বাধ্য করতে না পারে, কেউ যেন টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে। আমরা এমন একটা ভোট চাই যেখানে মানুষ নিজের পছন্দের সরকার গঠন করতে পারে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে প্রস্তাবগুলো আমরা পুরোপুরি সমর্থন করি। দেশের গণতন্ত্র গঠনে যতটুকু পারি, আমরা আমাদের ভূমিকা রাখব।
কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে বলে জানান এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
সংলাপের শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
এই মার্কিন নাগরিক বলেন, সবার সঙ্গে আলোচনা করে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্য নিয়েই কাজ করছি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবেই, কিন্তু যেসব বিষয়ে সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে, সেখানে ঐকমত্য গড়ে তুলতে পারলেই জাতীয়ভাবে উপকৃত হবো।
এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সংলাপে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোট নেতাদের মধ্যে জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের গোলাম মাওলা চৌধুরী, এনপিপির গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির কারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
