ইউনূস সরকারকে হেফাজতের হুমকি: এনজিওর প্ররোচনায় সিদ্ধান্ত নিলে ছাড় দেওয়া হবে না

ইউনূস সরকারকে হেফাজতের হুমকি: এনজিওর প্ররোচনায় সিদ্ধান্ত নিলে ছাড় দেওয়া হবে না
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

এনজিও গোষ্ঠীর প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে কোনো ছাড় দেয়া হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়াও অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং গণমাধ্যম সংস্কার কমিশনে ধর্মীয় অবমাননা শাস্তির আইন বাতিলের সুপারিশ বাতিল করতে হবে বলেও হুমকি দিয়েছে ধর্মভিত্তিক এই সংগঠন।

৩রা মে, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এসব হুঁশিয়ারি দেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই। জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও ইস্পাতকঠিন ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি- এনজিও গোষ্ঠীর প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে কোনো ছাড় দেয়া হবে না। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনে ধর্মীয় অবমাননা শাস্তির আইন বাতিলের সুপারিশ বাতিল করতে হবে। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন বাস্তবায়ন করতে হবে।

মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নায়েবে আমির ও বেফাকুল মাদারেসিনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদক বাতিল পূর্বক আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে। বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বহুত্ববাদ শব্দ বাদ দিতে হবে। জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচারে ট্রাইব্যুনালে গতি আনতে হবে।

Visited 61 times, 1 visit(s) today