জাবি ক্যাম্পাস প্রতিনিধির উপর হুমকি ও সংবাদ সরিয়ে নেওয়ার অভিযোগ: স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে

জাবি ক্যাম্পাস প্রতিনিধির উপর হুমকি ও সংবাদ সরিয়ে নেওয়ার অভিযোগ: স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৬শে এপ্রিল, ২০২৫ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস প্রতিনিধি ও জাগোনিউজ২৪.কম-এর সাংবাদিক সৈকত ইসলামের উপর হুমকি প্রদান এবং তার প্রকাশিত সংবাদ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সহযোগিতার আবেদন জানিয়েছেন। এই ঘটনাকে তিনি বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
গত ২৪ এপ্রিল, সৈকত ইসলামের স্বনামে জাগোনিউজ২৪.কম-এ “ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কর্মসূচি স্থগিত” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সকলের বক্তব্যসহ তথ্যানুসন্ধানের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রকাশের কিছুক্ষণ পরই সাংবাদিককে না জানিয়ে ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়। শুধু জাগোনিউজ নয়, নয়াদিগন্তও একইভাবে তাদের প্রকাশিত সংবাদটি সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
সৈকত ইসলাম জানান, সংবাদ প্রকাশের পর থেকে তিনি নানাভাবে হুমকি ও চাপের মুখে পড়েছেন। ঐদিন দুপুর থেকে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ তাকে একাধিকবার ফোন করে কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রসঙ্গ তুলে জেরা করেন। কথোপকথনের একপর্যায়ে সাব্বির তাকে মামলার হুমকি দেন। সৈকতের প্রশ্নের জবাবে সাব্বির ক্ষিপ্ত হয়ে আরও চাপ প্রয়োগের চেষ্টা করেন। এসব ঘটনার পর সৈকত জানতে পারেন, তার প্রতিবেদনটি জাগোনিউজের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সৈকত ইসলাম বলেন,
“এই ঘটনা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। সত্য প্রকাশের জন্য আমাকে হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে। আমি পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় সবার সহযোগিতা কামনা করছি।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাধীন সাংবাদিকতার উপর এ ধরনের হস্তক্ষেপ ও হুমকির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। সৈকত ইসলামের অভিযোগের বিষয়ে জাগোনিউজ২৪.কম, নয়াদিগন্ত বা সময়ের আলোর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সৈকতসহ সাংবাদিক মহল।
Visited 42 times, 1 visit(s) today