নিজস্ব প্রতিবেদক | ২৬শে এপ্রিল, ২০২৫
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখতে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন শ্রীলঙ্কার তিন নাগরিক। ব্যবসার আমন্ত্রণে এলেও তাদের জিম্মি করে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে— বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হলে এমন ঘটনা দেশের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।
বৃহস্পতিবার খুলনা রেঞ্জ পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া তিনজন হলেন- মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা এবং থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল। তারা ঢাকায় পা রাখেন গত ২২শে এপ্রিল। সেদিন রাতেই তাদের বাগেরহাটের মোল্লাহাটে নিয়ে যাওয়া হয়। পরে একটি বাড়িতে আটকে রেখে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক বলেন, অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে মুক্তিপণ চায়। একপর্যায়ে আড়াই কোটি টাকায় মৌখিক চুক্তি হয়। বিষয়টি শ্রীলঙ্কার হাইকমিশন জানতে পেরে কূটনৈতিক মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে প্রযুক্তির সহায়তায় দক্ষিণ আমবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়।

এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলো– শহিদুল শেখ (২৪), এমদাদ হোসেন (৫২), জনি শেখ (৩৮) এবং এস এম সামসুল আলম (৪০)।
তাদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে, পাথিরানাদের সঙ্গে অভিযুক্ত শহিদুল শেখ ও এমদাদ হোসেনের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ফরিদপুরে অ্যাকোরিয়াম ফিশ উৎপাদনের প্রতিষ্ঠান দেখানোর কথা বলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপর তাদের জিম্মি করা হয়।
এই ঘটনা আবারও স্পষ্ট করে তুলেছে— বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিদেশি নাগরিক জিম্মির ঘটনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার সামগ্রিক চিত্র তুলে ধরতে যথেষ্ট।
যদিও সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানা সৌজন্যবোধ থেকে বলেছেন, ‘খুব অল্প কয়েকজন খারাপ মানুষের কারণে পুরো বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিরূপ ধারণা রাখতে চাই না।’
তবে এমন অভিজ্ঞতা যে ভবিষ্যতে বিদেশিদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করবে না, সে নিশ্চয়তা কে দেবে?
তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার হওয়ার পর খুলনায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে শুক্রবার দুপুরে তারা নিজ দেশে ফিরে যান।
