আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিক হেনস্তা: পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ধাওয়া, ভিডিও ভাইরাল

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিক হেনস্তা: পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ধাওয়া, ভিডিও ভাইরাল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩১ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে চরম অসদাচরণের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বাধা দিতে পরিচ্ছন্নতা কর্মীদের লেলিয়ে দেয়। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের ধাওয়া করে হাসপাতালের চৌহদ্দির বাইরে বের করে দিচ্ছেন।

এর আগে আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজজনিত দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সরেজমিন সংবাদ সংগ্রহে হাসপাতালে যান। এরপরই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যায়, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা সংঘবদ্ধভাবে সাংবাদিকদের দিকে তেড়ে যাচ্ছেন এবং তাদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশেই করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

 

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা বলছেন, একটি স্পর্শকাতর জনস্বার্থ সংক্রান্ত বিষয়ে সত্য উদ্ঘাটনে তারা সেখানে গিয়েছিলেন। সংবাদ সংগ্রহে বাধা দেওয়া শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং সত্য গোপন করার স্পষ্ট প্রচেষ্টা বলেও তারা মন্তব্য করেছেন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

সচেতন মহল ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে গ্যাস লিকেজে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের দায় নির্ধারণে স্বচ্ছ তদন্তের দাবিও জোরালো হচ্ছে।

Visited 7 times, 1 visit(s) today