সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর

সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
শেয়ার করুন

প্রায় দুই বছর ধরে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকটে ব্যাহত হচ্ছে দেশের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক স্বাস্থ্য কেন্দ্রে মজুদ ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী না পেয়েই ফিরতে হচ্ছে সেবাপ্রার্থীদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিনামূল্যের এসব সেবার ওপর নির্ভরশীল দরিদ্র ও প্রান্তিক মানুষ। জন্মনিয়ন্ত্রণ বড়ি, কনডম ও ইনজেকশনের পাশাপাশি সংকট রয়েছে প্রাথমিক চিকিৎসার ওষুধেও।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতায় সরবরাহে এ ঘাটতি তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে অনিচ্ছাকৃত গর্ভধারণ বাড়তে পারে, বাধাগ্রস্ত হতে পারে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবা।

সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ বড়ি, কনডম, ইনজেকশন, ইমপ্লান্ট, আইইউডিসহ বিভিন্ন জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিনামূল্যে সরবরাহ করে। পাশাপাশি দম্পতিদের সন্তান নেয়ার উপযুক্ত সময়, দুই সন্তানের মধ্যে ব্যবধান ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন সম্পর্কে পরামর্শ দেয়া হয়। মাঠ পর্যায়ে পরিবারকল্যাণ সহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। তবে প্রায় দুই বছর ধরে সরবরাহ সংকট চলায় নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী দম্পতিরা সমস্যায় পড়ছেন।

পড়ুন: শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী

২০২৪ সালের জুনে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি (এইচপিএনএসপি) শেষ হওয়ার পর পরিবার পরিকল্পনাসামগ্রীর সরবরাহ সংকট প্রকট হয়। এ কর্মসূচির আওতায় জন্মনিয়ন্ত্রণসামগ্রীসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ কেনা হতো। পরে বিকল্প ব্যবস্থায় কেনাকাটা শুরুতে বিলম্ব হওয়ায় সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে ৯৯ লাখ ২৪ হাজার কনডম, ৭২ লাখ ৩৫ হাজার খাওয়ার বড়ি, ৯ লাখ ৫০ হাজার ইনজেকটেবল, ১৪ হাজার আইইউডি ও ৩৫ হাজার ইমপ্লান্ট বিতরণ করা হয়। পরবর্তী পাঁচ বছরে এসব সামগ্রীর সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যায়।

২০২৪ সালের জুনে কনডম সরবরাহ কমে দাঁড়ায় ৬৫ লাখ ৭৭ হাজারে, খাওয়ার বড়ি ৩৩ লাখ ২৬ হাজার ও ইনজেকটেবল ২২ হাজার ৭১৮টিতে। একই সময়ে আইইউডি ও ইমপ্লান্টের সরবরাহ কমে হয় যথাক্রমে ৭ হাজার ৫৯৩ ও ২৩ হাজার ৩২৩টি।

সংকট মোকাবেলায় ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত পঞ্চম এইচপিএনএসপি বাতিল করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী সংগ্রহে পৃথক প্রকল্প নেয়ার সিদ্ধান্ত নেয়। ওই বছরের নভেম্বরে প্রকল্পটি অনুমোদন পেলেও অর্থ ছাড় হয় চলতি বছরের এপ্রিলে। এ দীর্ঘসূত্রতার মধ্যে ২০২৬ সালের জানুয়ারিতে অধিকাংশ জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ আরো কমে যায়।

ডিজিএফপির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে ৭ লাখ ৫৪ হাজার কনডম, ২১ লাখ ৯৬ হাজার খাওয়ার বড়ি, ৪ লাখ ৮২ হাজার ইনজেকটেবল, ৩ হাজার ২৮৬টি আইইউডি ও ২ হাজার ৩২৫টি ইমপ্লান্ট সরবরাহ করা হয়। এতে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থেকে যায়।

চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা সাহেদ শেখ বলেন, ‘বিয়ে করেছি এক বছর হলো। এ সময়ে পরিবার পরিকল্পনাকর্মীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়েছি। তবে কখনো কোনো ওষুধ বা জন্মনিয়ন্ত্রণসামগ্রী পাইনি।’

জেলা পর্যায়ে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণসামগ্রী সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোস্তফা কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরেই সরবরাহ ব্যবস্থায় জটিলতা চলছে। আগে ২২ ধরনের প্রাথমিক চিকিৎসার ওষুধ, জন্মনিয়ন্ত্রণসামগ্রী, আইইউডি ও আইভিএফ সরবরাহ করা হতো। ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে এসব সামগ্রীর সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। প্রায় দুই বছর ধরে এ সংকট চলছে।’

তিনি জানান, সর্বশেষ ২০২৬ সালের মার্চে চাঁদপুরে ওষুধের একটি চালান পাওয়া যায়। দীর্ঘ বিরতির পর ওই চালান এলেও এরপর এখন পর্যন্ত নতুন করে কোনো ওষুধ সরবরাহ পাওয়া যায়নি। তবে সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে। দ্রুতই সংকটের সমাধান হবে বলে আশা করছেন তিনি।

প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক নারী স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের কাছে জন্মনিয়ন্ত্রণসামগ্রী সংগ্রহ করতে আসেন। কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রী না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে।

চাঁদপুরের বাইরেও বিভিন্ন জেলায় ওষুধ ও জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ সংকটের চিত্র পাওয়া গেছে। মাদারীপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী নিয়মিত না পাওয়ায় পরিবার পরিকল্পনাসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর ধরে এ সংকট চলছে। মাঝে কিছু সরবরাহ এলেও তা দিয়ে সেবাগ্রহীতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।

নওগাঁয়ও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক শামীমা আকতার বলেন, ‘সারা দেশের মতো নওগাঁয়ও ওষুধ ও জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট রয়েছে। আশা করি, দ্রুত এ সংকট কেটে যাবে।’

সাতক্ষীরায় দীর্ঘদিনের সরবরাহ সংকটের মধ্যে একটি চালান এলেও পরিস্থিতির স্থায়ী উন্নতি হয়নি। বর্তমানে সেখানে প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট চলছে বলে জানিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. প্রবীর কুমার মুখার্জি।

তিনি বলেন, ‘দুই বছর ধরে এ সমস্যা চলছে। মাঝে একটি চালান পেয়েছিলাম। তবে এখন এসব সামগ্রীর তীব্র সংকট রয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন ব্যবহারকারী নারীরা সময়মতো এসব সামগ্রী না পেলে বিকল্প পদ্ধতি নিতে বাধ্য হতে পারেন। কারো ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বন্ধও হয়ে যেতে পারে। এতে অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি বাড়তে পারে এবং দুই সন্তানের মধ্যে কাঙ্ক্ষিত ব্যবধান বজায় রাখা কঠিন হতে পারে, যা মা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তায় এসব কার্যক্রম পরিচালিত হতো। তারা অর্থায়ন বন্ধ করার পর থেকেই মূলত সংকটের শুরু। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। অন্যথায় সংকট আরো তীব্র হতে পারে, জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকিও বাড়তে পারে।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত। স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেন মাঠকর্মীরা। জন্মনিয়ন্ত্রণসামগ্রীর পাশাপাশি মা ও শিশুর প্রাথমিক চিকিৎসায় ২২ ধরনের ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিনামূল্যে সরবরাহ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, গুঁড়া ও তরল ওষুধ, মলম, খাওয়ার স্যালাইন ও জিঙ্ক। গর্ভবতী ও প্রসব-পরবর্তী মায়েদের আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেটও দেয়া হয়।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রসব-পূর্ব পরামর্শ, স্বাভাবিক প্রসব ও প্রসব-পরবর্তী সেবা দেয়া হয়। প্রসবের পর মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা এবং জটিলতা দেখা দিলে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মজুদ ফুরিয়ে গেলে এসব সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) শাহ মো. নূর বলেন, ‘দীর্ঘদিন ক্রয় কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিসেম্বর নাগাদ সরবরাহ শুরু হবে।’

তবে প্রাথমিক চিকিৎসার ওষুধ সরবরাহের নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। এ বিষয়ে কাজ চলছে জানিয়ে দ্রুত সংকট সমাধানের আশা প্রকাশ করেন তিনি।


সূত্র: বণিক বার্তা

Visited 4 times, 1 visit(s) today