অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে খুন পাঁচ শতাধিক, বেড়েছে নৃশংসতা

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে খুন পাঁচ শতাধিক, বেড়েছে নৃশংসতা
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের মধ্যে সারা দেশে খুনের ঘটনা ছাড়িয়েছে পাঁচ শতাধিক। শুধুমাত্র ঢাকাতেই গত দুই সপ্তাহে অন্তত ১১ জন খুন হয়েছেন। সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিদিন একজন করে খুনের ঘটনা ঘটেছে, যা দুই মাসে মোট ৬৮ জনের মৃত্যু।

এই সময়ের মধ্যে বিভিন্ন ভয়াবহ হত্যাকাণ্ড সমাজকে নাড়া দিয়েছে।

ঢাকার পল্লবীতে অভাব সইতে না পেরে নিজের দুই ছোট্ট শিশুর গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, প্রবাসী চিকিৎসককে ৪ জন মিলে মাত্র ৪ মিনিটে হত্যা, শিল্পপতি প্রেমিকার হাতে ৭ টুকরো, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে মাথা ও হাত বিচ্ছিন্ন করা এক নারীর লাশ উদ্ধার, নিজ বাসার তিন তলার বারান্দা বসে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হওয়ার মত নৃশংস ঘটনাগুলো সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, মে থেকে জুলাইয়ের মধ্যে দেশে ৮৮টি হত্যা মামলা হলেও, পরবর্তী ৩ মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২৫টি।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার ঘাটতির কারণেই এমন নৃশংস অপরাধ বেড়েছে। তাছাড়া এখন হত্যাকাণ্ডের ধরনগুলোর মধ্যে নৃশংসতা বেড়েছে বহুগুণে। হাত, পা, মাথা বিচ্ছিন্ন করা, কাটা হাত, পা হাতে করে নিয়ে নৃশংসতা প্রদর্শনের মত ঘটনাগুলো মানুষের বিবেক, অনুভূতি সব গ্রাস করে নিচ্ছে।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

তিনি দাবি করেন, পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে বলে আমরা আশাবাদী।

তবে অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টিকে আরও গভীরভাবে দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ঘাটতি রয়েছে। অপরাধীরা মনে করছে যে, তাদের ধরা হতে সময় লাগবে। এই মনোভাব অপরাধকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Visited 31 times, 1 visit(s) today