৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৫ ও ৪৬তম নিয়েও সিদ্ধান্ত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৫ ও ৪৬তম নিয়েও সিদ্ধান্ত
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

নবগঠিত সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে।

একইসঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসি সোমবার রাতে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি বছরের ৮ই মে শুরু হয় এবং ২৫শে আগস্ট তা স্থগিত করা হয়। এর আগে দুই দফায় ৩,৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিলেও মোট ১১,৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা বাতিলের ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে আবার মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

পিএসসি জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারিতে এই পরীক্ষা শেষ হলেও এর ফল এখনও প্রকাশিত হয়নি।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০,৬৩৮ জন প্রার্থীর পাশাপাশি নতুন করে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফলাফল পুনঃপ্রকাশ করবে পিএসসি। এতে আগের উত্তীর্ণদের ফলাফল বহাল থাকবে এবং নতুনদের সঙ্গে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

পিএসসির এই কার্যক্রম চলতি মাসে নতুন কমিশন গঠনের পর আবার শুরু হয়েছে।

৫ই আগস্টের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ায় বিসিএস কার্যক্রম স্থগিত ছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ৪৩তম বিসিএসের অপেক্ষমান ২,০৬৪ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের গেজেট প্রকাশ করেছে।

Visited 12 times, 1 visit(s) today