স্থানীয় সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহত মানিক পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, ২০২৩ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মানিক। ২০ দিন আগে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেল থেকে বের হন।
আজ সেই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
মানিকের বাবা ইউনুস আলী জানান, আজ আদালতে যাওয়ার জন্য সকালে মানিক টাকা চাইলো। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ৮ থেকে ১০ জন এসে প্রথমে তাকে ৪টি গুলি করে। পরে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে আমরা ‘তথ্য’ পেয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদীর রূপপুর এলাকার আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর আগেও এ এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকটি প্রাণহানি ঘটেছে।
