নিজস্ব সংবাদদাতা:
বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ৩ দিন পর পার্শ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হলো মীরসরাই আওয়ামী লীগের নেতা আবু তাহের ভূঁইয়ার (৫২) লাশ।
আজ শুক্রবার (২৫শে অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামাইল্যার দোকান এলাকায় একটি পাটিপাতা বাগানের জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।
নিহত আবু তাহের ভূঁইয়া একই এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রতিবেদকের সাথে কথা হয় নিহতের ভাতিজা মেহেদী হাসানের সাথে।
তিনি জানান, তার চাচাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে তারপর হত্যা করা হয়েছে। আশপাশের এলাকার বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা গত ৫ই আগস্টের পর থেকে তার চাচাকে নানারকম হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। কখনো বাড়িতেই জবাই করে রেখে যাবে, হাত পা কেটে মাটিতে পুঁতে ফেলবে, কেউ বাঁচাতে পারবেনা- এমন হুমকি দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গত ৩ দিন আগে বাড়ি থেকে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়।
তারপর থেকে অনেক খোঁজ-খবর নিয়েও চাচার হদিস মেলেনি। একপর্যায়ে থানায় জানানো হয়। চাচা নিখোঁজের পর তার ফোন নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় দেখায়। আজ শুক্রবার সকালে ছোট ছোট বাচ্চারা জঙ্গলের পাশে খেলতে গিয়ে সেখানে একটা লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার চাচার লাশ। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এসে নিয়ে যায়।
চাচার হত্যার ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মেহেদী বলেন, আমার চাচার সাথে এলাকার কারো কোনো ঝগড়া বিবাদ ছিল না, তিনি কারো কোনো ক্ষতি করেননি। রাজনীতি করতে গিয়ে এমনকি কারো সাথে তার মনোমালিন্য ছিলনা। সবার সাথে ছিল ভালো সম্পর্ক। কেন এভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
