❐ নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। এ ঘটনার প্রতিবাদে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, রাত ১২টা ১ মিনিটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমে তারই পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু কর্মী সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে ধাক্কাধাক্কির মুখে ফেলে।
কঠোর ভাষায় তিনি বলেন, প্রায় ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। দলটি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের এখনই নিয়ন্ত্রণে না আনে, তাহলে এর ফলাফল ভয়াবহ হতে পারে।
তিনি আরও বলেন, বাধা প্রদানের ঘটনাটি পূর্বপরিকল্পিত। বিএনপির উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন না।
তার ভাষ্য অনুযায়ী, এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত একজনের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি এ হামলা চালায়। এর পেছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়ও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং পরাজয় মেনে নিতে না পারার ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটতে পারে।
তিনি অভিযোগ করেন, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সরকারি দলের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালালে অল্পসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
