‘আমার নামের পাশের ফাঁকা ঘরে সিল পড়ায় ভোট বাতিল হয়েছে’, দাবি নিয়ে ইসিতে মামুনুল

‘আমার নামের পাশের ফাঁকা ঘরে সিল পড়ায় ভোট বাতিল হয়েছে’, দাবি নিয়ে ইসিতে মামুনুল
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৩ আসনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশনে (ইসি) যান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে রাত ২টার দিকে তিনি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন।

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর মামুনুল হক বলেন, ওই কর্মকর্তা তাকে জানান—ইসি অফিস পাশেই রয়েছে, সেখানে অভিযোগ জমা দেওয়া যেতে পারে। ফল ঘোষণার পর অসন্তুষ্ট হলে আদালতেও যাওয়ার সুযোগ আছে। আদালতের নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজন হলে পুনরায় ভোট গণনাও হতে পারে।

মামুনুল হক বলেন, ব্যালট পেপারের নকশাগত ত্রুটির কারণে তার বিপুলসংখ্যক ভোট বাতিল হয়েছে।

তিনি জানান, তার আসনে মোট নয়জন প্রার্থী ছিলেন। ব্যালট পেপারের এক পাশে পাঁচজন এবং অন্য পাশে চারজন প্রার্থীর নাম ছিল। তার নাম ছিল বাম পাশের নিচে। কিন্তু তার নামের পাশে যে ঘরটি থাকার কথা, সেটি ফাঁকা ছিল। ফলে অনেক ভোটার ভুল করে ওই ফাঁকা জায়গায় সিল দেন। এসব ভোট পরে বাতিল ঘোষণা করা হয়।

তিনি আরও দাবি করেন, ঢাকা-৮ আসনেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নামও ব্যালট পেপারে একই অবস্থানে ছিল। তার নামের পাশের ফাঁকা জায়গায় পড়া সিলগুলো কিন্তু তার পক্ষেই গণনা করা হয়েছে।

মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০টি ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর তার প্রায় ১,২০০ ভোট বাতিল করা হয়েছে।

গতরাতে তিনি বলেন, বাকি কেন্দ্রগুলোর ফল এখনও আসেনি। সব কেন্দ্র মিলিয়ে এভাবে ভোট বাতিল হলে সংখ্যাটি প্রায় ৩,০০০-এ পৌঁছাতে পারে। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩৯টি।

তিনি আরও জানান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন, তিনি বর্তমানে প্রায় ২,২০০ ভোটে এগিয়ে আছেন।

মামুনুল হকের দাবি, “যদি বাতিল করা ৩,০০০ ভোট বৈধ হিসেবে গণনা করা হয়, তাহলে আমি এই আসনে জয়ী হব।”

Visited 8 times, 1 visit(s) today