শেখ হাসিনাকে তারেক রহমানের ‘মা’ বানিয়ে দিলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল, ক্ষোভ কর্মীদের

শেখ হাসিনাকে তারেক রহমানের ‘মা’ বানিয়ে দিলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল, ক্ষোভ কর্মীদের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানকে বলে দিয়েছি—আপনার মা, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে।”

তার এই মন্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আজ ২৬শে জানুয়ারি, সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্স বাজারে জামে মসজিদের সামনে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাতে গিয়ে জয়নাল আবদিন বলেন, “এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো। আমাদের এলাকার উন্নয়নে যা যা দরকার…”

এ সময় তিনি উল্লেখ করেন, আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে এসেছিলেন। উপস্থিত জনতা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে তিনি বলেন, “তারেক রহমানকে বলে দিয়েছি—আপনার মা, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তিনি বলেছেন, এগুলো তিনি দেখবেন, ইনশাআল্লাহ।”

ওই পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কর্মী-সমর্থকরা।

ফয়সাল করিম নামের এক যুবদল কর্মী লিখেছেন, “তিনি মুরুব্বি মানুষ। এই বয়সে বিশ্রামে থাকার কথা। তারওপর শীতকাল। এই বয়সে রাজনীতিতে যুক্ত থাকলে এমন বে-লাগাম কথাবার্তা বলবেন, তাতে উল্টাপাল্টা পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক। ৮২ বছর বয়সে নির্বাচিত হলে তিনি রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন? তরুণদের চাহিদা ও প্রত্যাশা আদৌ বুঝতে পারবেন কি না—সে প্রশ্ন থেকেই যায়।”

ইসমত আরা নামের এক বিএনপি সমর্থক লিখেছেন, চাচামিয়া বক্তব্য দেওয়ার আগে কী খেয়ে এসেছেন, জাতি জানতে চায়।

রশিদ হায়দার নামের এক ছাত্রদল কর্মী লিখেছেন, এই বয়সে **** টেনে বক্তব্য দিতে আসা উচিৎ হয়নি উনার। বিশ্রাম নিতে পারতেন বাসায় বসে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, বক্তব্যের সময় তিনি অন্যমনস্ক ছিলেন এবং পরে বিষয়টি শুনেছেন।

অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব জানান, “তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। অসাবধানতাবশত ‘স্লিপ অব টাং’ হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তার নজরে আনা হয়েছে।”

ভাইরাল ভিডিও সম্পর্কে জয়নাল আবদিনের বক্তব্য জানতে তার ব্যক্তিগত সহকারী রিপনের মাধ্যমে ফোনে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি বর্তমানে গণসংযোগে ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়ে পরে কথা বলবেন।

Visited 14 times, 1 visit(s) today