নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ই আগস্ট আয়োজিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’-এ পারফর্ম না করায় আর্টসেলের গায়ক লিংকন ডি কস্তা ও ব্যান্ড ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৫ই আগস্টের মর্মন্তুদ শোক দিবসের দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাইয়ের নামে কনসার্ট আয়োজন এবং তাতে অংশগ্রহণের সম্মতি দিয়ে আগাম অর্থ নেয় আর্টসেল। ব্যাপক প্রচার-প্রচারণা চালায় আয়োজকরা। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশের সাধারণ মানুষ। আর্টসেলের এহেন নির্লজ্জ কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ধিক্কার জনান সচেতন ব্যক্তি-মহল।
তিরস্কার এবং সমালোচনার মুখে পড়ে তরুণদের প্রিয় ব্যান্ড আর্টসেল। একইসাথে ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে নেগেটিভ রিভিউ এবং নেতিবাচক মন্তব্যের ঝড় তোলেন নেটিজেনরা। শেষপর্যন্ত কনসার্টের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে জুলাইয়ের দাঙ্গাবাজ পক্ষ।
অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে আর্টসেলের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় বলা হয়েছে, ৫ই আগস্ট অনুষ্ঠানে অংশ নিতে ১৯শে জুলাই আর্টসেল কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়। চুক্তির ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে আয়োজকের পক্ষ থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু কনসার্ট শুরুর ৫ ঘণ্টা আগে ব্যান্ডটি ফেসবুকে পোস্ট দিয়ে অংশগ্রহণ বাতিলের ঘোষণা দেয়।
অনুষ্ঠান বাতিলের কারণে মামলার বাদী সালাহউদ্দীনের ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। ২৫শে আগস্ট আর্টসেলের উদ্দেশে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব তারা দেয়নি বলে মামলায় উল্লেখ আছে। বাদীর অভিযোগ, অনুষ্ঠানে অংশ না নিয়ে ব্যান্ডটি প্রতারণা করেছে।
বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন বলেন, সামাজিক মাধ্যম থেকে মামলার বিষয়টি জেনেছেন।
তিনি জানান, এটি আইনি বিষয় হওয়ায় ব্যান্ড কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করবে না এবং সব বক্তব্য আইনজীবীর মাধ্যমে দেওয়া হবে।
