বিডি ডাইজেস্ট ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগ এক বিবৃতিতে বলা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে তাদের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
আজ ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ তুলে ধরা হয়।
বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগে বলা হয়, পরিবারের যে সদস্যদের নামে ঢাকা শহরে কোনো জমি নেই, তারা আইনগত প্রক্রিয়ায় প্লট কিনতে পারলেও তাকেই “দুর্নীতির অভিযোগ” হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয় যে, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন—বঙ্গবন্ধু পরিবারের যেসব সদস্যের নামে প্লট বরাদ্দ ছিল তাদের নামে আগে কোনো জমি ছিল কিনা—তা যেন প্রমাণ দেয় ইউনূস প্রশাসন।
আওয়ামী লীগের মতে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল।
দলটির ভাষ্য অনুযায়ী, এই ধরনের পদক্ষেপ দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ক্ষতিগ্রস্ত করছে।
ঘোষিত কর্মসূচি
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, মিথ্যা ও ভিত্তিহীন দুর্নীতির মামলার রায়ের প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
