ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল
শেয়ার করুন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের প্রথম ২১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর এই ম্যাচে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ব্রাজিলের আক্রমণভাগের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিকেরা। ভিনিসিয়ুস গোলের খাতা খোলার পর আরও দুটি গোল করে দলের বড় জয়ের ভিত গড়ে দেন। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পরও ব্রাজিলের গোল উৎসব থামেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে স্কোরশিটে নাম লেখান এন্দ্রিক, এস্তেভাও এবং রায়ান। এ ছাড়া সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে ৭৭ মিনিটের মধ্যেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

ফিফা স্বীকৃত ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক ম্যাচে এটি সিঙ্গাপুরের যৌথভাবে সবচেয়ে বড় হার। এর আগে ২০২৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৭-০ গোলে হেরেছিল তারা। তবে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও পুরো ম্যাচেই নিজ দলকে সমর্থন জুগিয়ে গেছেন সিঙ্গাপুরের দর্শকেরা। স্বাগতিক দল যতবারই আক্রমণে ওঠার চেষ্টা করেছে, গ্যালারি থেকে ততবারই করতালি দিয়ে উৎসাহ দেওয়া হয়েছে।

ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হলো ব্রাজিল ও সিঙ্গাপুর। উল্লেখ্য, প্রায় এক বছর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর কাই তাক স্টেডিয়ামে হংকংকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল সিঙ্গাপুর। দেশটির ফুটবল ইতিহাসে সেটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন।

Visited 4 times, 1 visit(s) today