❐ চট্টগ্রাম ব্যুরো
আওয়ামী লীগ কর্মীদের ধরতে বেরিয়েছিল চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টহল দল। সেই টহল দলটির পিকআপ চুরি হয়ে গেছে তাদের নাকের ডগা থেকেই।
আজ ১৮ই নভেম্বর, বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যদের খাওয়া-দাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে পুলিশের ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই।
তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তারা তিনজন ও চালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেইটের পাশে পুনাক ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে যান। সেখান থেকে বের হয়ে দেখেন তাদের গাড়িটি নেই।
