বিশেষ প্রতিবেদক। ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬।
বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং রাজনৈতিক ঔদ্ধত্যের নানা বিতর্কের মধ্য দিয়ে অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
এক বিবৃতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হবে।
পরবর্তী পর্যায়ে আরও কিছু কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে দীর্ঘ সময়, বিপুল অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জটিল প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজন হয়েছে।
তবে রূপপুরের এই যাত্রা কেবল একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের উন্নয়ন-স্বপ্ন, রাষ্ট্রীয় সক্ষমতার পরিচয় এবং প্রকল্প বাস্তবায়ন ঘিরে আওয়ামীলীগ সরকার ও শেখ হাসিনার সাফল্য ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বোচ্চ অর্জনও। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে পরীক্ষামূলক উৎপাদন থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে পৌঁছানো এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন প্রকল্পটির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
