নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের দুটি বড় ইউনিটের উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যা গ্রীষ্মের তীব্র দাবদাহে ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি করেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিটের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৮৫০ মেগাওয়াট কমে গিয়ে মাত্র ২২৫ মেগাওয়াটে নেমে এসেছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে শুধু তিনটি চালু রয়েছে। গ্রিড লাইনে হঠাৎ ত্রুটির কারণে দুটি বড় ইউনিট অটোমেটিক শাটডাউন হয়েছে। ত্রুটি সারাতে কারিগরি টিম কাজ করছে, তবে কতক্ষণের মধ্যে ইউনিট দুটি পুনরায় চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন ইতিমধ্যে চাপের মুখে রয়েছে। এর ওপর ৮৫০ মেগাওয়াটের এই ঘাটতি সরাসরি লোডশেডিং বাড়িয়ে দেবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করতে পারে।
পূর্বে একই ধরনের গ্রিড ত্রুটির কারণে বিভিন্ন অঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থেকেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ত্রুটি মেরামতের আশ্বাস দিলেও, বারবার এ ধরনের ঘটনা বিদ্যুৎ ব্যবস্থার দুর্বলতা ও অবকাঠামোগত ঘাটতির চিত্র তুলে ধরছে।
জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে—কেন বারবার গ্রিড বিপর্যয় ঘটছে? কেন এত বড় কেন্দ্রের ইউনিটগুলো একসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় গ্রিডের আধুনিকীকরণ ও সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি না হলে এ ধরনের ভয়াবহ লোডশেডিং থেকে রেহাই মিলবে না।বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
