❐ স্থানীয় সংবাদদাতা
বিএনপির সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করার ‘অপরাধে’ জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ৮ই নভেম্বর, রোববার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আজ ৯ই নভেম্বর, সোমবার দুপুরে আমিনুল ইসলাম বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মানমর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
পড়ুন: জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান
জেলা জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ই নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান তার বক্তব্যে “সংগঠনবিরোধী ও আপত্তিকর” শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং অসন্তোষ প্রকাশ করেন। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জেলা জিয়া পরিষদের নজরে আসে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের “সংগঠনবিরোধী বক্তব্য” ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে জিয়া পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।
এর আগে গত ৭ই নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মারুফ হাসান। এ সময় তিনি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। তার এ বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত কয়েকজন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়।
ওই আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা, পরে একটি ছবি প্রিন্ট করে এনে স্কচটেপ দিয়ে ব্যানারে সেঁটে দেওয়া এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক (ডিসি) নীরব ছিলেন—এমন অভিযোগ তুলে ওই দিন সন্ধ্যায় ডিসিকে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল।

