❐ নিজস্ব প্রতিবেদক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদন ও সংসদীয় হিসাব অনুযায়ী, একাদশ জাতীয় সংসদে প্রতি মিনিটে গড়ে ২ লক্ষ ৭২ হাজার ৩৬৪ টাকা (প্রায় ২ লাখ ৭২ হাজার থেকে পৌনে ৩ লাখ টাকা) খরচ হয়। বর্তমানে প্রযুক্তি এবং আনুষাঙ্গিক খরচ পূর্বের চেয়ে বৃদ্ধি পাওয়ায় এই ব্যয় ৩-৪ লাখ টাকা ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে।
রাষ্ট্রের নাগরিকদের কষ্টার্জিত অর্থে পরিচালিত এই বিপুল ব্যয় থেকে জাতি আসলে কী পাচ্ছে? সাম্প্রতিক সংসদীয় কর্মকাণ্ডে এমন প্রশ্ন উঠেছে সচেতন মহলে।
আজ ৯ই নভেম্বর, সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে আওয়ামী লীগকে প্রতিহত করা নিয়ে দোয়া অনুষ্ঠান আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন আরও জোরদার হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আতঙ্কিত ক্ষমতাসীন সরকারের পক্ষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরে না আসে এবং কেউ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন তিনি।
একই সাথে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
মোনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছে। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
এমন কর্মকাণ্ডে অন্তর্জালে তুমুল সমালোচনা চলছে। জাতীয় সংসদ এসব কর্মকাণ্ডের স্থান কিনা এবং রাজনীতিকে ধর্মের ভেতরে ঢুকিয়ে ফেলা দায়িত্বশীল আচরণ কিনা- প্রশ্ন উঠেছে এ নিয়ে।
এর আগে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এ প্রার্থনা করেন।
