দেড়শ’ বছরের পুরনো দুর্গা মন্দির ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

দেড়শ’ বছরের পুরনো দুর্গা মন্দির ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরী মহল্লায় প্রায় দেড়শ’ বছরের পুরনো একটি দুর্গা মন্দির ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে মন্দিরটি ভেঙে প্রতিমা ও পূজার সামগ্রী পাশের পালরদী নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা নারায়ণ মিত্র গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে জানান, ১৯৮৬ সালে দলিলমূলে ১০ শতক জমি কেনার পর থেকেই সেখানে তাদের পূর্বপুরুষদের স্থাপিত সার্বজনীন দুর্গা মন্দির ছিল। প্রতিবছর দুর্গোৎসবসহ নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল। সরকারি অনুদাননির্ভর মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি কমিটি পরিচালনা করত।

নারায়ণ মিত্র অভিযোগ করেন, ১৯শে নভেম্বর রাতে মৃত ব্রজবিলাশ মিত্রের ছেলে রিপন মিত্র ও সুমন মিত্র তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে পরিকল্পিতভাবে মন্দিরটি ভেঙে জমি দখল করে। তিনি বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

তিনি বলেন, প্রতিপক্ষের লোকেরা মন্দিরের প্রতিমা ও পূজার সামগ্রী নদীতে ফেলে দিয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত।

অভিযোগ দায়েরের পর বুধবার আদালতে গেলে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্থগিতাদেশ জারি করেন। গৌরনদী মডেল থানাকে সম্পত্তির দখল ও রেকর্ড সম্পর্কে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ননী দাস বলেন, দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করলেও এই মন্দিরে কেউ হামলা-ভাঙচুর করেনি।

তিনি বলেন, মন্দির শুধু স্থাপনা নয়, এটি বিশ্বাস ও পরিচয়ের প্রতীক। এ ধরনের ঘটনা ধর্মীয় অনুভূতির ওপর নির্মম আঘাত।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ গিয়ে দখল কার্যক্রম বন্ধ করেছে। বুধবার সকালে পুনরায় চেষ্টা চালানো হলে আবারও বাধা দেওয়া হয়। আদালতের স্থগিতাদেশ কার্যকর করতে উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে রিপন মিত্র ও সুমন মিত্র দাবি করেন, জমিটি তাদের ওয়ারিশসূত্রে পাওয়া। মায়ের অসুস্থতার কারণে ঋণের বোঝা সামলাতে জমিটি বিক্রি করেছেন।

Visited 22 times, 1 visit(s) today