‘সারা দেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কয় জায়গার নষ্ট করবেন?’— মব সন্ত্রাসীদের উদ্দেশে সেনাকর্তা

‘সারা দেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কয় জায়গার নষ্ট করবেন?’— মব সন্ত্রাসীদের উদ্দেশে সেনাকর্তা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সোমবার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় স্বাধীনতাবিরোধী চক্রের দোসররা। তারা সেখানে বুলডোজার নিয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়।

উপস্থিত একজন সেনা কর্মকর্তাকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায়, সভ্য জাতি বিচার ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধান করে, অসভ্য জাতি বাড়িঘর ভাঙে এবং রাস্তায় আগুন লাগায়।

এ কথা শুনে এক বিক্ষোভকারী বলেন, ‘পুরো দেশ জানে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী। তাদের অস্তিত্ব আমরা এখানে কেন রাখব?’ জবাবে সেনা কর্মকর্তা বলেন, ‘তারা তো আমাদের দেশেরই মানুষ। সারা দেশে তাদের অস্তিত্ব আছে। আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট করবেন?’

আরেক বিক্ষোভকারী বলেন, ‘এটা তো তাদের কেবলা। আমরা তাদের কেবলা গুঁড়িয়ে দিতে চাই।’ সেনা কর্মকর্তা বলেন, ‘এসব ভাঙলেও মানুষের মাথা থেকে তো যাবে না। এখানে ভাঙলে তারা আবার বানাবে।’ পরে এক বিক্ষোভকারী প্রশ্ন করেন, ‘তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে?’ সেনা কর্মকর্তা জবাব দেন, ‘এটা তো অযৌক্তিক প্রশ্ন।’

Visited 33 times, 1 visit(s) today