নিজস্ব প্রতিবেদক
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে ফিল্মি কায়দায় গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
১৭ই নভেম্বর, সোমবার সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ৮টার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্লবী থানা যুবদলের নেতা কিবরিয়াকে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত ভেতরে ঢুকে কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
