অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে ইসিকে নালিশ এবি পার্টির নেতা ফুয়াদের, টাকলুও বলছে

অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে ইসিকে নালিশ এবি পার্টির নেতা ফুয়াদের, টাকলুও বলছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ও অশ্লীল কনটেন্ট ছড়ানো হচ্ছে—এ অভিযোগ তুলে প্রতিকার চেয়ে নালিশ ঠুকলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

আজ ১৭ই নভেম্বর, সোমবার নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি প্রকাশ্যে এই নালিশ করেন।

ফুয়াদ বলেন, “পর্নোগ্রাফি থেকে শুরু করে হেন কোনো বাজে কাজ নেই, যা আমার নামে ছড়ানো হচ্ছে না। সব দলের লোকেরাই এটা ছড়াচ্ছে। চায়ের দোকানে মোবাইলে দেখিয়ে গ্রামের মানুষকে বলছে—‘ওই যে টাক আছে না, টাকলু? কী ভালো ভালো কথা বলে, কী করে দেখ!’”

তিনি প্রশ্ন তোলেন, “এসব অপপ্রচার বন্ধ হবে কীভাবে? কয়টা চায়ের দোকানে যাবেন? এআই অপব্যবহার এখন সিভিয়ার সমস্যা। কাগজে লেখা সহজ, কিন্তু বাস্তবে প্রতিরোধ কঠিন। ইসির আইটি টিম কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটারই জবাব চাই।”

ফুয়াদের অভিযোগ—দল-রাজনীতি নির্বিশেষে একাধিক পক্ষ সচেতনভাবে ভুয়া ভিডিও ছড়িয়ে তাকে সামাজিকভাবে বিব্রত এবং রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের ডিজিটাল হয়রানি ঠেকাতে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ দেখা যাচ্ছে না।

ইসির আচরণবিধি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, বড় কোনো সরকারি প্রকল্পের উদ্বোধনে জনগণের প্রতিনিধি নিজের ভূমিকা জানাতে না পারা অযৌক্তিক; এতে প্রার্থীর ওপর “হাত-পা বেঁধে রাখা”র মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Visited 133 times, 1 visit(s) today