আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগেরদিনই ফাঁকা রাজধানী প্রধান সড়ক

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগেরদিনই ফাঁকা রাজধানী প্রধান সড়ক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগেরদিনই রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাওরানবাজার, ফার্মগেট, শাহবাগ, মিরপুর রোড, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, প্রগতি স্মরণী, বাড্ডা ও মলয়াবাগসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে— স্বাভাবিক দিনের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল অল্প, কোথাও ছিল না যানজট।

যাত্রী কমে যাওয়ায় বাস ও মিনিবাসের সংখ্যাও চোখে পড়ার মতো হ্রাস পেয়েছে। দোকানপাট আংশিক খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি ছিল কম। পরিবহন সংকট থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি ছিল শান্ত ও নিয়ন্ত্রিত।

রাজধানীর পরিবহন মালিকরা বলছেন, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনেক রুটে গাড়ি না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য মিজানুর রহমান বলেন, “পরিস্থিতি শান্ত থাকলেও আতঙ্ক রয়ে গেছে। গাড়ি পোড়ানোর ঘটনাগুলোর পর মালিকরা ঝুঁকি নিতে চাইছেন না। যাত্রীও রাস্তায় কম, সবাই ঘরে ফিরেছে।”

মোহাম্মদপুরের চালক রফিকুল ইসলাম বলেন, “আজকে সকাল থেকে রাস্তায় গাড়ি কম, যাত্রীও নেই। মালিক বলেছে, লকডাউনের আগে আগে গাড়ি কম চালাতে। আমরাও নিরাপদ থাকতে চাচ্ছি।”

আওয়ামী লীগের ঘোষিত ১৩ই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, চেকপোস্টে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ও ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তারা জানান, জনগণের সহায়তায় রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Visited 21 times, 1 visit(s) today