গাজীপুরে বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: আগ্নেয়াস্ত্র ও টর্চার ইকুইপমেন্টসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: আগ্নেয়াস্ত্র ও টর্চার ইকুইপমেন্টসহ গ্রেপ্তার ৭
শেয়ার করুন
জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লার বহুতল ভবনে যৌথ বাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান শুরু হয়ে শেষ হয় ভোরে। গ্রেপ্তার এনামুল হক মোল্লা (৫০) উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মক্কা নগরীর মেছপালা বিএনপির সভাপতি এবং বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তার অন্যরা হলেন—শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

গাজীপুর সেনাক্যাম্পের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনামুল হক মোল্লাসহ সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে এনামুলের বহুতল ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি ওয়াকিটকি, চারটি ব্যাটন, দুটি ইলেকট্রিক টিজার, একটি হ্যামার, ব্লোগান ও একটি চাকু।

আগ্নেয়াস্ত্র ছাড়া বাকি সরঞ্জামগুলো টর্চারের কাজে ব্যবহৃত হয় বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ওসি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক মোল্লা প্রায় ১৫ বছর সৌদি আরবে অবস্থান করার পর গত বছর দেশে ফিরে আসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুনরায় রাজনীতিতে সক্রিয় হন।

সম্প্রতি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালান এবং এলাকায় ব্যানার-ফেস্টুন টানান। গত সোমবার বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর তিনি নিজের ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

Visited 15 times, 1 visit(s) today