নিজস্ব প্রতিবেদক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিমানের সুরে বলেছেন, ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বানানো হচ্ছে।
এছাড়া, এক-এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি সতর্ক করেছেন।
আজ ২২শে সেপ্টেম্বর, সোমবার নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, “খালেদা জিয়ার আমলে অথবা তার আগে মেধা তালিকায় সুযোগ পাওয়া ছেলেরা, হয়তো ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছে অথবা বাবা, চাচা, মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনিক নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখা দিয়েছে, যা দেশের প্রশাসন ব্যবস্থার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরও বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই।
“এক এগারোর মতো চক্রান্ত করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।”
তিনি আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির এই অভিযোগ বর্তমান রাজনৈতিক পরিবেশে নতুন আলোড়ন তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে প্রশাসনিক নিয়োগ এবং রাজনৈতিক সংস্কার নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা চলছে।
বিএনপির নেতারা দাবি করছেন, এই ধরনের পক্ষপাতিত্ব অবাধ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে।
