নিজস্ব প্রতিনিধি। কিশোরগঞ্জ, ২৬শে আগস্ট, ২০২৫, মঙ্গলবার।
স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা, এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের লক্ষ্যবস্তু বানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে মুক্তিযুদ্ধের পক্ষের দল নিরপেক্ষ মানুষজনও অংশ নেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল অষ্টগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভ মিছিলে গুপ্তসংগঠন জামায়াতে ইসলামি ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন ক্ষুব্দ নেতাকর্মীরা।
সমাবেশে নিজামুল হক নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শুধু একজন রাজনীতিক নন, তিনি জাতির জন্য জীবনবাজি রাখা একজন সাহসী সন্তান। তাঁর মতো একজন আদর্শবান ও সৎ নেতার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের মিথ্যা অপপ্রচার ন্যাক্কারজনক এবং রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের পরিচয়।’ তারা আরও বলেন, ‘যারা একাত্তরে দেশবিরোধী ছিল, তারাই আজ দেশের সত্যিকারের দেশপ্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। রাজপথেই এদের জবাব দেওয়া হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফজলুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বস্তরে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
