নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসাথে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বিচারে গ্রেপ্তার নিয়েও উদ্বেগ জানানো হয়।
গতকাল মঙ্গলবার এই বিবৃতি প্রকাশ করে সংস্থাটি।
এতে বলা হয়, গত ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সরকারের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতেই জনগণ অভ্যুত্থান ঘটিয়েছিল।’
তবে অ্যামনেস্টির মতে, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এই আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।
জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, নিপীড়ন, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের বিচার চায় জনগণ। অ্যামনেস্টির মতে, ইউনূস সরকারের এক বছরে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্য, যারা সহিংসতায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে বিচারের তেমন অগ্রগতি হয়নি।
বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুলাইয়ের আহত-নিহতদের তথ্য আন্তর্জাতিক আদালতে দাখিলের আহ্বান জানিয়েছে। যেন সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিচার কার্যক্রম শুরু করা যায়। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার দেওয়ার এবং বিচারহির্ভূত মৃত্যুদণ্ড না ঘটানোরও আহ্বান জানায় অ্যামনেস্টি।
