উইটনেস বিডি
- শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ শুরু
- খড়মপুর শাহ পীর কল্লা শহীদ (রহ.) মাজার শরিফের বার্ষিক ওরস স্থগিত
- নিরাপত্তাসহ বিবিধ দাবিতে হিন্দু সম্প্রদায়ের কর্মসূচি
প্রায় তিন সপ্তাহের চলমান আন্দোলনের মুখে ৫ই আগস্ট দেশ ছাড়েন ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিন দিনে (৭ই আগস্ট পর্যন্ত) ২৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৮ই আগস্ট সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ১৬ই জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত সময়ে ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ নিয়ে সব মিলিয়ে গত ২৩ দিনে মারা গেছেন ৫৬০ জন।
শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৮ই আগস্ট বিকেল ৪টার দিকে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ অস্ত্রশস্ত্র, ঢাল-সড়কি ও লাঠি-সোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
আখাউড়ার খড়মপুর শাহ পীর কল্লা শহীদ (রহ.) মাজার শরিফের বার্ষিক ওরস স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। আগামীকাল ওরস শুরু হওয়ার কথা ছিল। এদিন সকালে মাজার শরিফের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওরস স্থগিতের ঘোষণা দেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু।
চার দফা দাবিতে এদিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেল সাড়ে ৩টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।
সনাতন ধর্মাবলম্বীদের দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করতে হবে ১০ শতাংশ সংসদীয় আসন। বিক্ষোভে অংশ নিয়ে ভক্ত সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল বলেন, আমাদের হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই।
সুত্রঃ প্রথম আলো, ৮ আগস্ট ২০২৪। ঢাকা টাইমস২৪, ৯ আগস্ট ২০২৪। সমকাল, ৮ আগষ্ট ২০২৪
