বিডি ডাইজেস্ট ডেস্ক
মালয়েশিয়ার আইন অনুসারে পরিচ্ছন্নতা দপ্তরের জন্য অনুমোদিত ওয়ার্ক পারমিট নিয়ে অন্য কোনো কারখানায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু এমন ওয়ার্ক পারমিট নিয়ে একটি শিল্প কারখানায় কাজ করার অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল ৬ই আগস্ট, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বুকিত মের্তাজামের সিম্পাং আম্পাতের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, অভিযানে আটক করা হয়েছে যাদের, তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি নাগরিক এবং একজন নেপালি। তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
দাতুক জাকারিয়া শাবান সংবাদ সম্মেলনে বলেন, ক্লিনিং সেক্টরে কাজের পারমিট থাকা সত্ত্বেও তারা কারখানায় কাজ করছিলেন। এজন্য তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আরো তদন্তের জন্য ইমিগ্রেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলাকালে তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।
জানা গেছে, এই বিশেষ সমন্বিত অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) বিপুল সংখ্যক সদস্য যোগ দিয়েছেন।
