রাজউকের বোর্ড সভায় যোগ দিলেই জনপ্রতি ১২ হাজার টাকা!

রাজউকের বোর্ড সভায় যোগ দিলেই জনপ্রতি ১২ হাজার টাকা!
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের সম্মানী বাড়িয়ে ১২ হাজার টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রতি সভায় জনপ্রতি ৩ হাজার টাকা সম্মানী দেওয়া হলেও, এবার তা একলাফে চার গুণ বাড়িয়ে নতুন অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, গত ৮ই জুলাই অনুষ্ঠিত রাজউকের ৯ম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যদিও আগে মাসে একটি সভাই অনুষ্ঠিত হতো, সিদ্ধান্ত অনুসারে এখন চাইলে একাধিক সভা আয়োজন করাও সম্ভব হবে।

রাজউকের অভ্যন্তরেই এ সিদ্ধান্ত ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি বেতনভুক্ত কর্মকর্তাদের জন্য অতিরিক্ত সরকারি অর্থ আয় করার সুযোগ সৃষ্টি করবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, “সরকারি অনেক সংস্থা সভা প্রতি ১৫ হাজার টাকা পর্যন্ত সম্মানী দিয়ে থাকে। তাই রাজউকেও সম্মানী বাড়ানোর একটি প্রস্তাব এসেছে, যার পরিমাণ ১২ হাজার টাকা। তবে এখনও এটি চূড়ান্ত অনুমোদন পায়নি।”

রাজউকের নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতি সভায় ৬ হাজার এবং সভা সহায়ক কর্মকর্তারা ৩ হাজার টাকা সম্মানী পান। এছাড়া ২০২৫ সালের তৃতীয় বোর্ড সভায় সাধারণ ও বিশেষ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানী বাড়ানোর পক্ষে মৌখিক সমর্থন আসে।

বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাধীন বিভিন্ন কোম্পানির সভায়ও জনপ্রতি ১২ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়, যা রাজউকের সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, রাজউকের এক প্রভাবশালী সদস্য যোগদানের পর থেকেই সম্মানী বাড়ানোর উদ্যোগ নেন। যদিও শুরুতে বিভিন্ন বিরোধিতার মুখে তা থেমে থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি বোর্ড সভায় পাস হয়।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা বলেন, “সম্মানী বৃদ্ধির একটি প্রস্তাব একজন সদস্য উপস্থাপন করেন। আমরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের শর্তে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। অনুমোদন না পাওয়া পর্যন্ত পূর্বের হারই বহাল থাকবে। কেউ যদি বলে এটা আমার একক সিদ্ধান্ত, তা সত্য নয়। আমি বিষয়টি সম্পর্কে সচেতন আছি।”

Visited 64 times, 1 visit(s) today