কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে মোহাব্বত আলী (৬০) নামে এক বিএনপি কর্মী নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

নিহত মোহাব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং হবিবার রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে ইউনুস আলী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতরা সবাই বিএনপির কর্মী বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন—নাকোবাড়িয়ার ইউনুস আলী, রেজাউল ইসলাম, তোফাজ্জেল হোসেন এবং ছোট তালিয়ান গ্রামের রেফাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামের বিএনপির দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে তারা পরষ্পরের মুখোমুখি অবস্থান নেয়। শনিবার এক পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

এরই জেরে রোববার ভোরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে তারা এলাকায় টহল দিচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “পরিস্থিতি এখনো উত্তপ্ত। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে রয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

Visited 24 times, 1 visit(s) today