নগদ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়ম-দুর্নীতির প্রমাণ সংগ্রহ

নগদ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়ম-দুর্নীতির প্রমাণ সংগ্রহ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে আজ রোববার (১ জুন, ২০২৫) দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান পরিচালনা করেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক আক্তারুল ইসলাম।

‘নগদ’-এর বিরুদ্ধে সম্প্রতি গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএস) ও সমন্বয়ক মোরশেদ বেআইনিভাবে ‘নগদ’-এ অফিস পরিচালনা করে প্রায় ১৫০ কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া, তিনি তার স্ত্রী ও আত্মীয়দের প্রতিষ্ঠানটিতে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এই অভিযান এসব অভিযোগের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য পরিচালিত হচ্ছে।

দুদক সূত্র জানায়, ‘নগদ’-এর আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চলছে। বিশেষ করে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে কোনো অস্বাভাবিক বা অবৈধ লেনদেন হয়েছে কিনা, তা তদন্তের আওতায় আনা হয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সরব থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধেও সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আন্দোলনের কয়েকজন নেতা ‘নগদ’-এ অনৈতিকভাবে অফিস পরিচালনা করেছেন, দলীয় সভা আয়োজন করেছেন এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। তারা সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পে অর্থের অপব্যবহার করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, শুধু কর্পোরেট বা আর্থিক প্রতিষ্ঠানই নয়, ভবিষ্যতে এনজিও, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের অর্থ ব্যবস্থাপনাও তদন্তের আওতায় আনা হতে পারে। এই অভিযান ও অভিযোগগুলো দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

Visited 37 times, 1 visit(s) today