মুক্তিযোদ্ধাদের মতোই বালুচ যোদ্ধাদেরও ‘ভারতের চর’ বলছে পাকিস্তান

মুক্তিযোদ্ধাদের মতোই বালুচ যোদ্ধাদেরও ‘ভারতের চর’ বলছে পাকিস্তান
শেয়ার করুন

আন্তর্জাতিক

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ভারতীয় চর বলে অভিযুক্ত করছে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ‘ভারতীয় চর’ বলার মতো একই ধরনের ভাষা এখন শোনা যাচ্ছে বেলুচিস্তান নিয়ে।

সম্প্রতি বেলুচিস্তানের খুজদারে একটি সামরিক স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলায় তিন ছাত্রীসহ পাঁচজন নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, এর পেছনে রয়েছে ভারত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। তবে কোনো প্রমাণ তারা দেয়নি।

এর আগেও বেলুচিস্তানের সোরাবে ব্যাংক ও সরকারি দপ্তরে হামলার দায় দেওয়া হয়েছিল বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) ওপর। সেই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকারী সংগঠন বালুচ ইয়াকজেহতি কমিটিকেও (বিওয়াইসি) ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ছদ্মবেশী প্রচারণা বলে অভিযুক্ত করা হয়েছে।

পাকিস্তান কুলভূষণ যাদবের প্রসঙ্গও টেনেছে, যাকে তারা ভারতীয় গুপ্তচর বলে দাবি করছে। যদিও ভারত বলেছে, যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল এবং পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন।

বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ‘ভারতের এজেন্ট’ বলার যে প্রচারণা চালানো হয়েছিল, আজ বেলুচিস্তানেও ঠিক একই কৌশল নেওয়া হয়েছে। অথচ বেলুচিস্তানের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতা।

আধুনিক পরিসংখ্যানও সেই বৈষম্যই দেখায়। ২০২৩ সালে পাকিস্তানের মোট সাক্ষরতার হার ৬০ দশমিক ৭ শতাংশ হলেও বেলুচিস্তানে তা মাত্র ৪২ দশমিক ১ শতাংশ।

একই বছর পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬৬৪ ডলার। অথচ বেলুচিস্তানে সেই আয় ৩৮ শতাংশ কম—মাত্র ১ হাজার ১০৬ ডলার।

এ দৃশ্যপট যেন মনে করিয়ে দেয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সেই বৈষম্যের সময়কে। ১৯৫০ সালে দুই অঞ্চলের মাথাপিছু আয়ের পার্থক্য ছিল ৪ শতাংশ, যা ১৯৭০ সালে গিয়ে দাঁড়ায় ৬১ শতাংশে।

বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদসম্পন্ন অঞ্চল হলেও, স্থানীয়দের অভিযোগ, ইসলামাবাদ সেই সম্পদ শোষণ করছে। বিনিময়ে তারা পাচ্ছে না কোনও আর্থিক বা সামাজিক উন্নয়ন।

এ ছাড়া গুম, বিচারবহির্ভূত হত্যা ও সেনা অভিযানের অভিযোগও তুলেছে সেখানকার মানবাধিকার সংগঠনগুলো। এসব বিষয়ে পাকিস্তানের সেনা-নিয়ন্ত্রিত সরকার বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে। তাদের দাবি, ভারতই এসব গোলযোগের জন্য দায়ী।

তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, বেলুচিস্তানের পরিস্থিতি যতটা না বিদেশি ষড়যন্ত্র, তার চেয়েও বেশি স্থানীয় বৈষম্য আর দমন-পীড়নের ফলাফল।

Visited 49 times, 1 visit(s) today