নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েও ট্রেন চলাচলের শিডিউল ঠিক রাখতে পারল না বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার দ্বিতীয় দিনেই একের পর এক ট্রেন ছাড়ছে দেরিতে, যাত্রীদের ভোগান্তি বাড়ছে ঘণ্টার পর ঘণ্টা।
রবিবার (১ জুন) দুপুর তিনটা পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনে অন্তত পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে দেখা গেছে।
সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে, সকাল ৯টা ৩০ মিনিটে প্ল্যাটফর্ম ছাড়ে। এরপর দেরিতে ছেড়ে যায় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস, তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী কালনী এক্সপ্রেস।
ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম অবশ্য দাবি করেছেন, “বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়েছে। জয়ন্তীকা এক্সপ্রেসে ইঞ্জিন সমস্যার কারণে দেরি হয়েছে।”
যদিও রেল কর্তৃপক্ষ সমস্যা সীমিত বলে দাবি করছে, তবে এই শিডিউল বিপর্যয় রেল ব্যবস্থাপনার দীর্ঘদিনের দুর্বলতারই পরিচায়ক।
গত বছরও ঈদের সময় শিডিউল বিপর্যয়ের অভিযোগ এসেছিল। সেসময় অভিযোগ উঠেছিল—বেশি যাত্রী তোলার চাপে ট্রেন ছাড়তে দেরি হয়, ইঞ্জিন বা কোচের ত্রুটি আগেভাগে যাচাই করা হয় না, এমনকি রেলওয়ের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাও দুর্বল।
যদিও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বারবার বলেছিলেন, ‘নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ কিন্তু বাস্তব চিত্রে সেই প্রতিশ্রুতি ম্লান হয়ে গেছে দ্বিতীয় দিনেই।
গত ঈদেও শিডিউল বিপর্যয় হলেও ঈদের পরে নির্বিঘ্ন ঈদযাত্রার দাবি করেছিলেন উপদেষ্টা ফাওজুল।
