নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রাস্তায় আটকে এক বৈছা নেত্রীকে বিএনপি কর্মীদের পিটুনির অভিযোগ পাওয়া গেছে। পিটুনির শিকার ওই নারী ঘটনাটি ফেসবুকে লাইভ করার পর পুলিশ তাকে উদ্ধার করতে যায়।
পিটুনির সময় উৎসাহী বিএনপি কর্মীরা বারবার ‘লাল করে দে মামা’ বলে উৎসাহ দিয়েছেন বলে দাবি করেছে বৈছা কর্মীরা।
শুক্রবার বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিটুনির শিকার বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব।
বর্ষা এলাকায় ‘মব কুইন’ উপাধি পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন সময় তিনি মব সৃষ্টি করে এলাকায় আওয়ামী লীগের লোকজনকে নির্যাতন, তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে তাকে মব কুইন নামে ডাকেন এলাকাবাসী।
বর্ষার পরিবারের অভিযোগ, তাদের এক স্বজনকে উত্ত্যক্ত করেন সাগর হোসেন নামে এক বিএনপির কর্মী। বর্ষা তার বিরুদ্ধে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা থেকে ফেরার পথেই রাস্তায় তাকে বিএনপির কর্মীরা পথ আটকায়। তারপর তার চুল ধরে টেনে মারধর করা হয়। এসময় ‘লাল করে দে মামা’ বলে পরস্পরকে উৎসাহ দেন বিএনপি কর্মীরা।
ঘটনার পর সেখানে দাঁড়িয়েই বর্ষা ফেসবুক লাইভে এসে তার উপর হামলার কথা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে নগরকান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। জেনে তারপর মন্তব্য করা উচিত হবে।
বিএনপির কর্মীরা এ কাজে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, মব কুইন বর্ষা নতুন নাটক সাজাচ্ছে বিএনপির ওপর হামলা করার জন্য। এমন কিছু করার চেষ্টা করলে আমরা পাল্টা প্রতিরোধ করব।
এদিকে, এ ঘটনা নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
