বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকেট নিয়ে বাফুফের ‘জালিয়াতি’

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকেট নিয়ে বাফুফের ‘জালিয়াতি’
শেয়ার করুন

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী, শমিত সোমরা। হামজা, শমিতের মতন তারকারা থাকায় এই ম্যাচ নিয়ে তৈরি হয় বিপুল আগ্রহ। বাফুফে ঘটা করে টিকেট ছাড়ে অনলাইনে, সেই অনলাইন সাইটটি শুরু থেকেই ছিলো অকার্যকর। অথচ তিন দিনের মাথায় বাফুফে জানিয়ে দিয়েছে সব টিকেট বিক্রি হয়ে গেছে।

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট নিয়ে শুরু থেকেই ছিলো অরাজকতা। টিকটিফাই সাইটটি দুই দফা সাইবার আক্রমণের কথা জানায় বাফুফে। বেশিরভাগ দর্শক সাইটটিতে ঢুকতে না পেরে হতাশা প্রকাশ করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার বিকেলে টিকেটের সর্বশেষ তথ্য জানাতে গিয়ে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমাদের ১৮ হাজার ৩০০ টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি ৫ মিনিটে ৩০ হাজার ইউজার অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম। কালকেও দুবার সাইবার অ্যাটাক এসেছিল।’

কোন টিকেটই আর বাকি নেই বলে জানালেন তিনি, ‘ক্লাব হাউজ টু অনলাইনে সোল্ড আউট। বাকি যে হসপিটালিটি বক্স সেটা আগেই রবি একটা নিয়েছে। অন্য কর্পোরেট হাউজগুলোও নিয়েছে। সব সোল্ড আউট হয়ে গেছে।’

এদিকে টিকেট কিনতে না পেরে হতাশ দর্শক। বাফুফের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে সাইফুল আমিন নামে এক দর্শক বলেন, ‘এটা তো পরিস্কার জালিয়াতি। তাদের দেওয়া সাইটে আমরা কেউ ঢুকতে পারলাম না, এখন বলা হচ্ছে টিকেট শেষ। কারা কিনল তবে?’ দর্শকরা অভিযোগ করেন টিকেট কালোবাজারিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করে সাইট ডাউন করে এসব অপকর্ম করেছেন বাফুফের কর্তারা।

Visited 70 times, 1 visit(s) today