নিজস্ব প্রতিবেদক
ফেনীর সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজীতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১কোটি ২৪লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
আজ ২৭শে মে, মঙ্গলবার ভোরে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা পণ্যগুলো জব্দ করে।
জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তের ফুলগাজী ও পরশুরাম উপজেলা এলাকায় মঙ্গলবার ভোররাতে টহলরত অবস্থায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামালের বস্তা পেলে রেখে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা এসব অবৈধ মালামাল জব্দ করেন। এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রিপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান রয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী টহল জোরদার ও গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে।
এ ছাড়াও সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোরনীতি অব্যাহত থাকবে।
