নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের নেতা মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেফতারের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় ডিএনসিসি ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দলটি প্রশাসককে অপসারণের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। বিক্ষোভকারীরা এজাজকে জঙ্গি আখ্যায়িত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সমাবেশে দলের মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “এটি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ৪৮ ঘণ্টার মধ্যে এজাজকে অপসারণ ও গ্রেফতার করা না হলে আগামী শনিবার (২৪ মে) যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, “এই নিয়োগের মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উৎসাহ দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, জুলাই মাসে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই থাকবে না।”
আরেক সদস্য জাবের বলেন, “হিজবুত তাহরীরের মতো একটি নিষিদ্ধ গোষ্ঠীকে পুনর্বাসনের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার নৈতিক অবস্থান হারিয়েছেন।”
বিক্ষোভ মিছিল পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় ও মহানগর নেতা শাকিল উজ্জামান, রবিউল হাসান, শফিকুল ইসলাম রতন, মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী এবং মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত প্রশাসকের অপসারণ ও জবাবদিহির দাবি জানান। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের এই নেতাকে গ্রেপ্তারেরও দাবি জানান তারা।
