বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ: মির্জা ফখরুলের ইন্ধনে বদলির পর ওসির ফেসবুক পোস্ট

বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ: মির্জা ফখরুলের ইন্ধনে বদলির পর ওসির ফেসবুক পোস্ট
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০শে এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানকে হঠাৎ বদলি করা হয়েছে। মামলা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠার পর শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়।

এরপর ২০শে এপ্রিল, রোববার সকালে ওসি শহিদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্টোরি ছড়িয়ে পড়ে, যা বদলির ঘটনায় নানা আলোচনা তৈরি করে।

সেখানে তিনি লেখেন, “মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।”

বদলির পর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল। শহিদুর রহমান ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে ২রা এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং একাধিক অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এসব অভিযোগ শুনে মির্জা ফখরুল বলেন, “এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা যেসব অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।”

ওসি শহিদুর রহমানের ফেসবুক স্টোরি এবং হঠাৎ বদলি নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। একইসঙ্গে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Visited 203 times, 1 visit(s) today