বেশ খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। একের পর এক আসরে ব্যর্থতার পর জিম্বাবুয়ে দলের আগমণ সুখবরের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে দুর্বল দলটির বিপক্ষে টেস্টে নেমে প্রথম পরীক্ষায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেটে রোববার সিলেটে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১৯১ রানে।
সকালে ব্যাট করতে নেমে ৩২ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। পরে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও শান্ত। এই দুজন ৬৬ রান যোগ করার পর একের পর এক উইকেট বিলিয়ে দেয়ার মিছিল। দলের ৯৮ রানে ৪০ করা শান্ত স্কয়ার কাটে দেন সহজ ক্যাচ।
সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম সাধারণ এক বলে তুলে নেন সহজ ক্যাচ। ১৮ বলে তিনি করেন মাত্র ৪ রান। মুমিনুল হক একবার জীবন পেয়ে ফিফটি করেই বিদায়। মেহেদী হাসান মিরাজ ব্লেসিং মুজারাবানির বাউন্সার সামাল দিতে পারেননি। জাকের আলি অনিক (২৮) কিছুক্ষণ লড়ে দলকে নেন দুইশোর কাছে।
বাংলাদেশকে ধসিয়ে ৫০ রানে ৩ উইকেট নেন মুজারাবানি। বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ২১ রানে পান ২ উইকেট, ২ রানে ২ উইকেট নেন অফ স্পিনার ওয়েসলি মাধভেরে। এছাড়া পেসার ভিক্টর নিয়াউচি ৭৪ রানে পান ২ উইকেট।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান করেছে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)
