নিজস্ব প্রতিবেদক
যশোরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ভাই এবং সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন ‘আফিল মুরগির খামারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঘটনায় খামারটির আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (তারিখ অনুলিখনযোগ্য) দুপুর আড়াইটার দিকে খামারটিতে আগুন লাগে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত খামারটির একটি শেড সম্পূর্ণ পুড়ে গেছে। ওই শেডে প্রায় ৪৪ হাজার মুরগি ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জাম এবং উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ছিল।
খামারের ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, “কীভাবে আগুন লেগেছে, তা আমরা বুঝতে পারছি না। ফায়ার সার্ভিসও এখনো নিশ্চিত করতে পারেনি।”
প্রসঙ্গত, শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে নৌকা প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার ভাই শেখ বশির উদ্দিন আকিজ গ্রুপের কর্ণধার ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
