যশোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্তম্ভে আগুন, পুলিশের ২ সদস্য ক্লোজড

যশোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্তম্ভে আগুন, পুলিশের ২ সদস্য ক্লোজড
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত ‘জুলাই স্তম্ভে’ সোমবার ভোররাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অনেকেই উল্লাস প্রকাশ করেন। পরে স্তম্ভ পাহারার “গুরু দায়িত্বে” থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।

ভিডিওতে দেখা যায়, রাতে দুই ব্যক্তি স্তম্ভে আগুন দেন। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে মূল বেদি থেকে নেমে ঘটনাস্থল ছাড়তে দেখা যায়। এ সময় এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও  ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

সোমবার দুপুরে স্তম্ভে আগুনে পোড়া কালো দাগ দেখা গেছে। ঘটনার পর চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সোমবারও তারা সেখানে ছিলেন। রাতে দুই ব্যক্তি আগুন দেন।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের আটক করা হবে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে, জানান তিনি।

Visited 18 times, 1 visit(s) today