নিজস্ব প্রতিবেদক | ১৭ই এপ্রিল, ২০২৫
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মুরাদের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা রয়েছে।
এর আগে, গত ৬ই এপ্রিল শাহে আলম মুরাদের নেতৃত্বে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
