নিজস্ব প্রতিবেদক | ১৩ই এপ্রিল, ২০২৫
সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার ১শ’ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব তথ্যের মধ্যেই ১০টি অর্থনৈতিক অঞ্চল বন্ধের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বাতিল হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলো মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি। এই অর্থনৈতিক অঞ্চলগুলো আওয়ামী লীগ সরকারের নির্ধারিত ছিল।
১৩ই এপ্রিল, রোববার বিকেলে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও এই তথ্য নিশ্চিত করে বলেন, ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
তবে আরও বিনিয়োগ প্রস্তাব পাইপ লাইনে আছে বলেও দাবি করেন তিনি।
বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো: সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো: গার্মেন্টস শিল্প পার্ক বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) ও সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
