নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৫: ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
এর আগে, ভারতের রপ্তানিকারকরা—বিশেষ করে পোশাক খাতের—প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করেছিল।
এই সুবিধার বাতিল হওয়া বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। রপ্তানিকারকরা বলেন, “এটি আমাদের ব্যবসায়ীদের জন্য একটি বড় ধাক্কা। আমরা এখন বিকল্প পথ খুজতে বাধ্য হবো, যা সময় এবং খরচ বাড়াতে পারে।”
এদিকে, ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে, তারা ভারতের সাথে আলোচনা শুরু করবে এবং এই সমস্যার সমাধান খুজবে।
বাংলাদেশের রপ্তানি খাতে ভারতের এই সুবিধার গুরুত্ব ছিল বিশেষভাবে পোশাক, জুতো এবং অন্যান্য শিল্প পণ্যের জন্য। এই সুবিধার বাতিল হওয়া থেকে বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের আলোচনা শুরু করেছেন।
Visited 189 times, 1 visit(s) today
