অপহৃত আওয়ামী লীগ নেতা উদ্ধার, বিএনপি ও জানাক নেতাসহ আটক ৫

অপহৃত আওয়ামী লীগ নেতা উদ্ধার, বিএনপি ও জানাক নেতাসহ আটক ৫
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির (জানাক) নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

২২শে মার্চ, শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত খুলনা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বসুপাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত নুর আলমকে উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য ইমন মোল্লা, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, জিয়াউস সাদাত, ইমনের সহযোগী জয় হাসান এবং সাকিব রহমান।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সূত্রে নুর আলম খুলনায় আসেন। শুক্রবার রাতে তাকে অপহরণ করে বসুপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয় এবং ছেলের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নুর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান।

গোয়েন্দা পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপণের টাকা নিতে খুলনা নগরীর ময়লাপোতা হোটেল গ্র্যান্ড প্লাসিডের সামনে গেলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপহৃত আওয়ামী লীগ নেতা নুর আলমকে উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

Visited 53 times, 1 visit(s) today